Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাথরুমের পাশে সেমাই তৈরি, জরিমানা তিন লাখ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম

বগুড়ায় বাথরুমের পাশে সেমাই তৈরি, জরিমানা তিন লাখ

বগুড়ার কাহালু উপজেলার শেখাহারে একটি লাচ্ছা সেমাই কারখানায় পায়ে মাড়িয়ে খামির তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে র‌্যাব ও জেলা পুলিশকে সঙ্গে নিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেখাহার এলাকার ‘ভাই-ভাই লাচ্ছা সেমাই’ কারখানায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, কারখানায় সেমাইয়ের খামির শ্রমিকদের পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল। উৎপাদনকক্ষ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। তৈরি সেমাই বাথরুমের পাশের দুর্গন্ধযুক্ত স্থানে সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় ছিল র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন