রাণীশংকৈলে সকাল ৯টার পরও তালাবদ্ধ একাধিক সরকারি দপ্তর
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাতে সকাল ৯টার পরও একাধিক সরকারি দপ্তর বন্ধ পাওয়া গেছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে পৌর শহরের হেলিপ্যাড-সংলগ্ন নন্দুয়ার-হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসে তালা ঝুলছে। একই সময়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের কক্ষ খোলা থাকলেও তিনি অনুপস্থিত। তার সরকারি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম আজাদের কক্ষও তালাবদ্ধ ছিল। পরে তাকে উপজেলা পুকুরপাড় এলাকায় দেখা যায়।
এ ছাড়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষ সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল মুঠোফোনে জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে অফিস যথাসময়ে খোলার কথা উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে তার কক্ষ খোলা থাকলেও তাকে পাওয়া যায়নি। অফিসের এক কর্মচারী জানান, তিনি এখনও আসেননি, তবে আসবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেসব কর্মকর্তা বা কর্মচারী যথাসময়ে কার্যালয় খোলেননি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



