Logo
Logo
×

সারাদেশ

নামাজের সময় টিনের চালে ঢিল, প্রতিবাদ করায় যুবককে হত্যা

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

নামাজের সময় টিনের চালে ঢিল, প্রতিবাদ করায় যুবককে হত্যা

কিশোরগঞ্জের হোসেনপুরে তারাবির নামাজের সময় টিনের চালে ঢিল মারায় প্রতিবাদ করায় শুভ মিয়া (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মামাতো ভাই এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ মিয়া একই এলাকার সৌদি প্রবাসী মো. সাদেকুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর এলাকার নাঈম মিয়া (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০), আরমান (২১)সহ আরও ৮-১০ জন বখাটে যুবক প্রায়ই তারাবির নামাজের সময় বিভিন্ন বাড়ির টিনের চালে ইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত। ঘটনার দিন রাতেও তারা বিভিন্ন বাড়ির পাশাপাশি শুভ মিয়ার বাড়িতেও ইট নিক্ষেপ করে। এ সময় শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন শুভ মিয়াকে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১২টার দিকে শুভ মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের মামাতো ভাই এনামুল হক জানান, শুভ মিয়ার সৌদি আরবে যাওয়ার সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছিল। পরিবারের ইচ্ছা অনুযায়ী আসন্ন ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করে তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন