চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাকে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, নুরুল আমিনকে বহনকারী গাড়ির সামনে পড়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে সংসদ সদস্য নুরুল আমিন মাথায়, কপালে ও কোমরে আঘাত পেয়েছেন।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর অনেক পরে পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, দুর্ঘটনায় আহত সংসদ সদস্যকে গাড়ি বহরে থাকা লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রামের দিকে নিয়ে যায়।
প্রসঙ্গত, এবারের জাতীয় সংসদ নির্বাচনে নুরুল আমিন বিএনপির মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।



