দখল করা খালগুলো দ্রুত পুনরুদ্ধার করা হবে : দিপু ভুঁইয়া
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদককারবারি যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগিতায় জনগণের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, উপজেলায় শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সেই ব্যবস্থা করবে। বিগত ১৭ বছর সরকারি প্রায় সব খাল দখল হয়ে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে। সেই বিষয়টি দেখবে। আমি চাই আপনাদের সঙ্গে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।



