রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসা, আটক ১
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুদির দোকানের আড়ালে মাদককারবার ও দেহ ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন নিজের মুদির দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ।
মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে ওই মুদি দোকানে এক নারীসহ আটক করে। সঙ্গে থাকা গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, অনেকদিন ধরেই এ মুদি দোকানে অসামাজিক ও মাদককারবার করে আসছিল। ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা হয়েছে।



