চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকে ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে ওই বাসায় আগুন ছড়িয়ে পড়ে এবং শিশুসহ সাতজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছয়তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন।



