নবনির্বাচিত সংসদ সদস্যের গাড়িবহর চাপায় শিশু নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশু নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, বিকেলে কুতুবদিয়া থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালী ফেরার পথে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের সঙ্গে থাকা ৩ নম্বর গাড়িটি এক শিশুকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ এখনো বদরখালী জেনারেল হাসপাতালে রয়েছে।



