বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। । বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানা-এ দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রাং নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরোও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রাং কে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করে এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে রুবেল সদর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেন। সেই মামলায় ওয়ারেন্টমুলে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, ওয়ারেন্টমুলে গ্রেপ্তার মিজানুর রহমান সাগরকে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
এনসিপি বগুড়া জেলা কমিটির আহবায়ক এম এস এ সুলতান জানান, সাগর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। সাংবাদিকদের মাধ্যমেই তার গ্রেপ্তারের কথা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।



