Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা বাসে যাতায়াতের সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া নামে এক যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও দুটি স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হেলপার ও চালকের বিরুদ্ধে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদী হয়ে ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকরি করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে করে তিনিসহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে গাউসিয়া আসছিলেন। 

কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিগ্যেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে জিম্মি করে নগদ ৯ হাজার ৭০০ টাকা ও ২টি স্মার্ট ফোন ছিয়ে নেয়। 

এতে বাধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিন্তাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।

এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মাঝে চরম ক্ষোভের দেখা দিয়েছে। এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও ক্ষমতার বলে তারা বারবারই পার পেয়ে যায়। ফলে স্থায়ী যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ যাত্রীদের।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন