গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। দ্রুতগতিতে মোটরসাইকেলে পালানোর সময় তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
সেহরির সময় এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন। পুকুরে পড়ে যাওয়া দলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যান।
সাদুল্লাপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে।



