Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে সামনের ট্রাকের সহকারী (হেলপার) ছিটকে পড়ে আহত হন। পেছনের ট্রাকের সহকারী কেবিনের ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া সহকারীকে উদ্ধার করেন। পরে আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। আহত মো. ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামের বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের এক পাশে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভোরের ফাঁকা সড়কে কয়েক সেকেন্ডের অসতর্কতা এক তরুণ প্রাণ কেড়ে নিল। দ্রুতগতি ও বিকল যানবাহন ব্যবস্থাপনায় সচেতনতার ঘাটতি যে কত বড় মূল্য দাবি করতে পারে, এই দুর্ঘটনা তার আরেকটি উদাহরণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন