খুলনায় চেগা সোহেলকে গুলি করে হত্যাচেষ্টা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
খুলনা নগরীতে সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে এ ঘটনা ঘটে।
আহত সোহেল ওই এলাকার শাহাদতের ছেলে। রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ একটি গ্রুপ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন স্থানীয়দের বরাতে বলেন, সন্ত্রাসীরা সোহেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তাঁর কোমরের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



