মদনপুরে ট্রাকের চাপ বাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
নির্বাচনের ছুটি শেষ হতেই নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাক চলাচল বেড়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে। বিশেষ করে কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় ধীরগতির কারণে যানজট আরও প্রকট হয়।
কাঁচপুর হাইওয়ে থানা-র ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় হঠাৎ ট্রাকের চাপ বেড়েছে। পাশাপাশি মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক টিম মাঠে কাজ করছে।
সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় ভোগান্তি বাড়ে কয়েকগুণ। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লেগেছে। কেউ কেউ বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তাতে খুব বেশি সুফল মেলেনি।
ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, জরুরি কাজে বের হয়ে কাঁচপুর পার হতে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাতে হয়েছে।
আরেক যাত্রী নুসরাত জাহান জানান, দীর্ঘ সময় বাসের ভেতরে বসে থাকতে গিয়ে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।
ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব নয়। ধীরগতির কারণে পেছনে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।
বাসচালক রবিউল ইসলাম জানান, সকালের ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি একেবারে কমে যায়। এতে যাত্রীদের অসন্তোষ বাড়লেও চালকদের করার তেমন কিছু থাকে না।



