রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্মহত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় আত্মহত্যা করেছে এক কিশোরী গৃহকর্মী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিবা আক্তারের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গৃহকর্মী লিজা আক্তার (১৪) বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ভোলা জেলার চর নিজাম কালকিনি এলাকার নিরব হোসেনের মেয়ে। প্রায় এক মাস ধরে শিক্ষিকা হাবিবা আক্তারের বাসায় কাজ করছিল। ঘটনার সময় হাবিবা আক্তার ও তার স্বামী ব্যবসায়ী খন্দকার জগলুল হক রানা কর্মস্থলে ছিলেন। বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানালা দিয়ে লিজার ঝুলন্ত দেহ দেখে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
লিজার বাবা নিরব হোসেন জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল এবং এজমা রোগে ভুগছিল। এ ঘটনায় লিজার চাচা শামিম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



