বগুড়ায় হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
বগুড়া অফিস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
বগুড়ায় হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনভর শহরের পুরান বগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাদাফ ও লেফটেন্যান্ট ফাহাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গ্যাংয়ের সক্রিয় সদস্য মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) ও রোকন ইসলাম জাফর (২৭)। গ্রেপ্তার তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন সাদাফ বলেন, গ্যাংটির প্রধান ‘হাতকাটা সৌরভ’ এর আগে সেনাবাহিনীর এক অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে পাবনা জেলা কারাগারে আটক রয়েছেন। তার নেতৃত্বে গ্যাংয়ের সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



