ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই রাতে পৃথক আরও দুটি দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আহসান হাবিব। ফায়ার স্টেশনের সামনে মহাসড়কে দাঁড়িয়ে তিনি যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এসময় একটি ট্রাক থামার সংকেত দিলে ট্রাকটি থামে। কিন্তু পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ফায়ার ফাইটারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই রাতে শেরপুরে আরও দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গাড়িদহের ‘দশ মাইল’ এলাকায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত নাজমুল হক শুভ (৩৫) বর্তমানে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, রাত ১টার দিকে হামছায়াপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় খাদিজা খাতুন (৩৯) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



