শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে অগ্রণী ব্যাংক এর প্রায় ২০ মিটার উত্তরে অবস্থিত দোকানটিতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বালতির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দোকানের ভেতরে থাকা বিভিন্ন ধরনের কার্টুন, টিন ও প্লাস্টিক পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
দোকানটির মালিক মো. আজিজুল হক জানান, তিনি দোকান খুলে অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিলেন। পরে খবর পেয়ে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঘটনার খবর পেয়ে দ্রুত শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. নুরুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে আসায় তিনি উপস্থিত জনগণকে ধন্যবাদ জানান।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।



