নরসিংদীতে জামায়াত ও বিএনপি সংঘর্ষে আহত ৩, গ্রেপ্তার ১১
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
নরসিংদীর মাধবদীতে বিএনপি ও জামায়াতের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযানে উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত মাধবদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সারে ১১টার দিকে মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদি এলাকায় নির্বাচনী ব্যানার অপসারণ করা নিয়ে দুই দলের স্থানীয় নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে সেটি হাতাহাতি ও পরে ঘটনাটি উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিন জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে মুক্তার হোসেন নামে এক জনকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমের নেতৃত্বে পুলিশ, র্যাব সমন্বয়ে যৌথ বাহিনী ঐ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত দুই পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ১১ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে ডৌকাদি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন পরবর্তী শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোর ভাবে দমন করা হবে।



