ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুটার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগরের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মোটরসাইকেলসহ বেশ কিছু চামড়া পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।



