Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে ২ মাস ধরে জিম্মি কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৪

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

টেকনাফে ২ মাস ধরে জিম্মি কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৪

কক্সবাজারের টেকনাফে দুই মাস ধরে এক কিশোরকে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ দুর্বৃত্ত গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৭ ব্লকের আকবর আলীর ছেলে হামিদ উল্লাহ (১৯), টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে নুরুল ইসলাম (৫০), একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) ও মৃত কাশেম আলীর ছেলে ছিদ্দিক আহমদ (৫৪)।

উদ্ধার হওয়া ভুক্তভোগী মোহাম্মদ জুবায়ের (১৭) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোছনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, টেকনাফের বিভিন্ন উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা সক্রিয়। চক্রটির সদস্যরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা হতে লোকজন সংগ্রহ করে টেকনাফে নিয়ে আসত। পরে কৌশলে জিম্মি রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়পূর্বক সাগরপথে মালেশিয়ায় পাচার করে আসছে।

উদ্ধার হওয়া ভুক্তভোগীকে প্রায় ২ মাস পূর্বে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাচার করে। পরে তাদের মিয়ানমারের জঙ্গলে প্রায় ৫০ দিন আটকে রাখে। বয়স কম হওয়ায় ভুক্তভোগীকে চক্রটির সদস্যরা পুনরায় টেকনাফ ফেরত আনে। পরে জনৈক নুরুল ইসলামের বাড়িতে ওই কিশোরকে জিম্মি রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগী স্বজনরা বিকাশের মাধ্যমে চক্রটির কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে চক্রটির সদস্যরা ওই কিশোরকে ছাড়তে অতিরিক্ত মুক্তিপণের টাকা দাবি করে।

জেলা পুলিশের মুখপাত্র জানান, বৃহস্পতিবার ঘটনায় স্বজনরা টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। পরে শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় অভিযান চালায়। এতে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়। পরে বাড়িটি তল্লাশি করে জিম্মি থাকা কিশোরকে উদ্ধার এবং পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন