হাটহাজারীতে ধানের শীষের জোয়ার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ চট্টগ্রাম-৫ (হাটহাজারী–আংশিক বায়েজিদ) আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে। এখন পর্যন্ত প্রাপ্ত ৮০টি কেন্দ্রের ফলাফলে মীর হেলাল উদ্দিন পেয়েছেন ৮৮হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের নাসির উদ্দীন মুনির পেয়েছেন ২৫ হাজার ৮৯৪ভোট।
ফলাফলের এই ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী শুরু থেকেই এগিয়ে রয়েছেন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ধাপে ধাপে সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৫ আসনটি একটি পৌরসভা, ১৪টি ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৬২৩ জন, নারী ভোটার ২ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
এ ছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ৭৭০ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪৩টি, যার মধ্যে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল প্রশাসন।



