বগুড়ার সাতটি আসনে সাড়ে চার ঘন্টায় ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার সাতটি আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৮ দশমিক ৫৫ শতাংশ। বৃহস্পতিবার বেলা একটায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন।
তিনি জানান, বগুড়া-১ আসনে ৩৬ দশমিক ৩৮শতাংশ, বগুড়া-২ আসনে ৪৫ শতাংশ, বগুড়া-৩ আসনে ৩৭ দশমিক ৩৭ শতাংশ, বগুড়া-৪ আসনে ৩৮ দশমিক ৪৮ শতাংশ, বগুড়া-৫ আসনে ৩৪ দশমিক ৪০ শতাংশ, বগুড়া-৬ আসনে ৩৭ দশমিক ৩৪ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৪০ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে৷ এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
এদিকে৷ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অপেক্ষা করেন।
বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। জেলার সাতটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সাতটি আসনে মোট ভোটকেন্দ্র ৯৮৩টি। মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী।



