ভোটকেন্দ্রের সামনে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
চুয়াডাঙ্গায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতের এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরীফ পৌর এলাকার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের নজরে বিষয়টি এলে তারা পুলিশকে জানায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান অভিযোগ করেন, জামায়াত নেতা শরীফ ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন। আমরা বিষয়টি দেখেছি।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. শরীফ নামে একজনকে নগদ ৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



