কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় ইজিবাইকের চালক নিহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালীর গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা নামের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকের চালকের নাম মো. তারেক (২১)। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মালুমাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, ইজিবাইক নিয়ে চালক মো. তারেক গ্রামীণ রাস্তা থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী দ্রুতগামী পূরবী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালকের মৃত্যু হয় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



