ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা–খুলনা মহাসড়কের সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নেয়ার জন্য প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে একটি গাড়ি চলে আসলে সেটিকে সাইড দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন। বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



