নরসিংদীতে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের হাতে পর্যবেক্ষক কার্ড তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩৫০ জন সাংবাদিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে তারা মাঠে সক্রিয় থাকবেন।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস বলেন, গণমাধ্যম সবসময় জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে যায়। তিনি বলেন, সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে সাংবাদিকরা ভূমিকা রাখবেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা আরও বৃদ্ধি পাবে। তিনি সকল সাংবাদিককে নির্বাচনী আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়। নির্বাচনকে ঘিরে জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে দায়িত্বশীলতা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নরসিংদীতে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।



