রূপগঞ্জে মাদ্রাসায় আগুনের লেলিহান শিখা ১০ কক্ষসহ পুড়ে ছাই সব মালামাল
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ ১০ টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কমপক্ষে ২০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করেছেন মাদ্রাসা মালিক।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদীনায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জে তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদীনা নামক মাদ্রাসার নূরানী বিভাগের বন্ধ কক্ষের ভিতরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। কিছুক্ষনের মধ্যে আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এসময় মাদ্রাসার ভিতরে বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দৈাড়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়।
এদিকে, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মাদ্রাসার লাইব্রেরীসহ বিভিন্ন কক্ষে রাখা কিতাব , বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।
ফায়ার সার্ভিস আরো বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।



