অষ্টগ্রামে বিদেশি পিস্তল ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খোরশেদ খাঁ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ খাঁ (৫২) অষ্টগ্রাম উপজেলার উত্তর আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উত্তর আব্দুল্লাহপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় খোরশেদ খানের বসত ঘরের বাথরুম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১৯টি দেশীয় অস্ত্রসহ খোরশেদ খাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
অষ্টগ্রাম থানার ওসি মো. সোয়েব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খোরশেদ খাঁ’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



