Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে আগুনে পুড়ল ১০–১২ বিঘা জমির ধানের খড়

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

শেরপুরে আগুনে পুড়ল ১০–১২ বিঘা জমির ধানের খড়

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামে খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির ধানের খড় পুড়ে গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মৃত জাবেদ আলীর ছেলে মো. রোস্তম আলীর বাড়ির সামনে রাখা খড়ের পালায় এ আগুন লাগে।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. নুর ইসলাম জানান, রাত ৪টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সকাল ৬টা ৩৫ মিনিটে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে ফিরে যায়। তিনি আরও জানান, খড়ের দুটি পালা প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচু ছিল। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভুক্তভোগী রোস্তম আলীর ছেলে মো. রাসেদ আহম্মেদ জানান, খড়ের পালায় প্রায় ১০–১২ বিঘা জমির ধানের খড় মজুত ছিল। আগুন চারদিক থেকে একসঙ্গে ছড়িয়ে পড়ায় এটি পরিকল্পিত বলে সন্দেহ করছেন তারা। এই ঘটনায় আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে আংশিক পুড়ে যাওয়া অবশিষ্ট খড়ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন