আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে জামায়াত। মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় জামায়াত আমির বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। স্বৈরাচার সরকার জনগণের ২৮ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না এবং জনগণের টাকা ফেরত আনা হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা নয়, কাজের অধিকার চেয়েছিল। জামায়াত প্রতিশ্রুতি দিচ্ছে, তরুণদের সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে এবং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে।
নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঘর থেকে কর্মস্থল— সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি— কোনো ভেদাভেদ থাকবে না, সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন। দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।
পরে জামায়াত আমির পিরোজপুর-১ ও ২ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, পিরোজপুর-৩ আসনে এনসিপির প্রার্থী ড. শামীম হামিদীর হাতে শাপলা কলি এবং বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।



