ফ্যামিলি কার্ডের দরকার নাই আপনাদের দলের চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন: সারোয়ার তুষার
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
ছবি : সংগৃহীত
এনসিপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে। আমাদের ফ্যামিলি কার্ডের দরকার নাই আপনাদের দলের চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন। আপনার দলের চাঁদাবাজদের যেনো কার্ড দেখিয়ে নিস্তার পাই সেই ব্যবস্থা করেন। ৫০ কার্ডের দরকার নাই জনগণ এক কার্ড দিয়েই সকল সুবিধা পাবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশের চরসিন্দুর বাজারে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
তুষার বলেন, সারাদেশে একটি বিশেষ পক্ষ হাসিনা স্টাইলে নির্বাচন করার জন্য এখনো দিবা স্বপ্ন দেখছে। যদি হাসিনা স্টাইলে নির্বাচন করার চেষ্টা করেন তাহলে আবার আরেকটা জুলাই নেমে আসবে। জনগণের ভোটাধিকারের উপর সকলকে আস্থা রাখতে হবে। পলাশের উন্নয়ন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশের প্রশ্নে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। পলাশে পিএস পলিটিক্স চলবে না। আমরা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করতে চাই, এমপি নির্বাচনের নামে কোন পিএসকে চাই না। আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের মার্কা শাপলা কলিকে বিজয়ের মাধ্যমে মাধ্যমে এই পিএস সিস্টেমের কবর রচনা হবে পলাশে।
তিনি আরো বলেন, একমাত্র সন্ত্রাসী মাদকসেবী চাঁদাবাজ ছাড়া আমাদের কোন শত্রু নেই। আপনি কোন দল করেছেন, এখন কোন দল করছেন কারো প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই। সবাই আমাদের কাছে নিরাপদ। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে যুক্ত তারা আমাদের কাছে নিরাপদ নয়।
এসময় নরসিংদী এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, খেলাফত মজলিশের পলাশ উপজেলার সভাপতি মুফতি ফারুক ভূইয়া, ছাত্র শক্তির আহবায়ক ফাহিম ভূইয়া রাজ সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



