Logo
Logo
×

সারাদেশ

রমজান সম্পর্কে এই ৮ তথ্য জানেন?

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

রমজান সম্পর্কে এই ৮ তথ্য জানেন?

ছবি : সংগৃহীত

রমজান ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে কমানো হচ্ছে কর্মঘণ্টা, পরিবর্তন আনা হচ্ছে স্কুলের সময়সূচিতে। মুসলিম বিশ্বে তৈরি হচ্ছে ইবাদতের আবহ। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান। 

রমজানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফানুস বাতি। অন্ধকারে আলোর প্রতীক হিসেবে আশা ও আত্মিক জাগরণের ইঙ্গিত দেয় এই রীতি। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন মিসরে রমজান এলে শিশুরা হাতে বাতি নিয়ে রাস্তায় বের হতো। সেখান থেকেই এই ঐতিহ্যের সূচনা।

রমজান নামের পেছনেও আছে অর্থবহ ব্যাখ্যা। আরবি শব্দমূল থেকে এসেছে এই নাম, যার অর্থ তীব্র গরম বা দগ্ধ ভূমি। রোজার মাধ্যমে গুনাহ দগ্ধ হওয়ার ভাবার্থেই এই নাম ব্যবহৃত হয়। ইতিহাস বলছে, আরব অঞ্চলে রমজানের সূচনা হয়েছিল গ্রীষ্মকালেই।

রমজান শুরুর আগে জেনে নেওয়া যাক এই পবিত্র মাস নিয়ে ৮টি চমকপ্রদ তথ্য—

১. ইসলামপূর্ব যুগেও ছিল রমজানের গুরুত্ব

মুসলিমরা রোজা রাখেন এবং ইসলামেই রোজা ফরজ করা হয়েছে। তাই অনেকের ধারণা রোজা শুধু ইসলাম ধর্মের বিধান। কিন্তু সপ্তম শতকে ইসলাম আগমনের আগেও আরব সমাজে এই মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হতো। যদিও রোজা ফরজ হয় মহানবী হজরত মুহাম্মদের সময়েই, তবে রোজা রাখার প্রচলন আগে থেকেই ছিল।

২.৩৩ বছরে সব ঋতু ঘুরে আসে রমজান

হিজরি বর্ষ ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১২ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান এগিয়ে আসে। এভাবে প্রায় ৩৩ বছরে একবার করে বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত সব ঋতু ঘুরে আসে রমজান মাস।

৩. কোথাও ১৬ থেকে ২০ ঘণ্টা রোজা

চলতি বছর বাংলাদেশে রোজার সময়সীমা সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে। তবে উত্তর গোলার্ধের কিছু দেশে রোজা রাখতে হয় ১৬ ঘণ্টারও বেশি সময়। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে কোথাও কোথাও রোজা ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে, কারণ সেখানে দিনের ব্যাপ্তি ১২ ঘণ্টার থেকেও অনেক বেশি।

৪. ২০৩০ সালে দুই রমজান

২০৩০ সালে মুসলমানরা একই বছরে দুইবার রমজান পাবেন। একটি জানুয়ারিতে আরেকটি ডিসেম্বরে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।

৫. ২০৩৩ সালে কাছাকাছি ঈদ ও বড়দিন

২০৩৩ সালে ঈদুল ফিতর পড়তে পারে ডিসেম্বরের শেষ দিকে। হিসাব অনুযায়ী, ২৩ ডিসেম্বরের কাছাকাছি ঈদ হতে পারে। এর ২ দিন পর ২৫ ডিসেম্বর খুব কাছাকাছি সময়েই বড়দিন পালিত হবে।

৬. ২০৩৩ সালে ৩ঈদ

২০৩৩ সালে ঘটতে যাচ্ছে আরেকটি ব্যতিক্রমী ঘটনা। ২০৩৩ সালে ঈদুল ফিতর দুইবার এবং ঈদুল আজহা একবার। ওই বছর মোট তিনটি ঈদ হতে পারে। হিসাব অনুযায়ী, জানুয়ারির শুরুতে একবার ঈদুল ফিতর, মার্চে ঈদুল আজহা এবং ডিসেম্বরের শেষে আবার ঈদুল ফিতর হতে পারে। অবশ্য চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ এক বা দুই দিন পরিবর্তিত হতে পারে।

৭. হোয়াইট হাউসের প্রথম রমজান ভোজ ১৮০৫ সালে

১৮০৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থমাস জেফারসন হোয়াইট হাউসে প্রথমবার রমজান উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন। তিউনিসিয়ার দূত সুলাইমান মেলিমেলনির সম্মানে আয়োজিত ওই ভোজের সময় ইচ্ছাকৃতভাবে সূর্যাস্তের পর নির্ধারণ করা হয়, যাতে তিনি ইফতার করতে পারেন। এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

৮. ২০১৭ সালে ঐতিহ্য ভেঙেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশকের রীতি ছিল রমজান শেষে হোয়াইট হাউসে ইফতার আয়োজন। কিন্তু ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহ্য ভেঙে কোনো ইফতার আয়োজন করেননি। ওই বছরই তিনি মুসলিমপ্রধান কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সূত্র : খালিজ টাইমস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন