বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমন ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশে নেতাকর্মীদের ঢল নামছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা।
বেলস পার্ক মাঠে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে পুরো এলাকা। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে জনসভাস্থলজুড়ে উৎসবমুখর আবহ বিরাজ করছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা এ জনসভায় উপস্থিত থাকবেন।
ভোর থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে আসা শুরু হয়। অনেকেই ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান হাতে মাঠে প্রবেশ করছেন।
ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা বরিশালে আসছেন। তরুণদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আজকের জনসমাগম তারই প্রতিফলন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে সকাল ৫টায় নৌপথে রওনা দিয়ে সমাবেশে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা। তিনি বলেন, কষ্ট হলেও কোনো অভিযোগ নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা সবাই মাঠে আছি।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, নারীরাও এই আন্দোলনের অংশ। শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই আমরা এসেছি।
সমাবেশস্থলে প্রস্তুতিও সম্পন্ন। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে পুরো এলাকা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। গতকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।



