শেরপুরে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনের শেরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা।
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম মো. সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে আইন অনুযায়ী দায়িত্ব পালন করে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং রাজশাহী বিভাগীয় বিএনপির পোলিং এজেন্ট টিম প্রধান আরাফাত বিল্লাহ খান।
এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন আমিনুল ইসলাম ও লুৎফর রহমানসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, ভোটগ্রহণ প্রক্রিয়া, অনিয়ম প্রতিরোধ এবং আইনগত করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।



