আমরা জামায়াত নয় আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই না: শফিকুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকে বলেন জামায়াতের সরকার হবে বা ইসলামি দলের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।”
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “এখন আর কোনো দুর্বৃত্ত কারও ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না। অতীতের কাসুন্দি জনগণ এখন আর পছন্দ করে না৷ ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি টানতে চায় বর্তমান যুব সমাজ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যেই জিতুক আমরা তাদের বরণ করে নেবো, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।
জামায়াত আমির আরও বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে। জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেন, তাহলে আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে আমি সোচ্চার থাকায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছে একটি গোষ্ঠী। আমরা প্রশাসনের কাছে আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার যদি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়, তাহলে কঠিন জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, “আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো।”
ডা. শফিকুর রহমান বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন—এতো টাকা কোথায় পাওয়া যাবে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় অংশ নেন।



