রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করে রাখা শাহ মখদুম নামের একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাটে ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পন্টুনে নামিয়ে ফেলা হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরির একজস্ট পাইপে কার্বন বের হওয়ার সময় ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রতিদিন ১২ থেকে ১৫টি ফেরি চলাচল করে থাকে। এসব ফেরির অধিকাংশরই ফিটনেস নেই। লক্কর ঝক্কর ফেরি দিয়ে এই নৌরুটে ফেরি সার্ভিস পরিচালনা করা হচ্ছে।



