Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

কিশোরগঞ্জ-২ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তৃণমূল নেতাকর্মীরা। ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অসাংগঠনিক ও শৃঙ্খলাবিরোধী আচরণ করে আসছেন। তিনি অশালীন ভাষা ব্যবহার ও অসদাচরণের মাধ্যমে সংগঠনের ভেতরে অসন্তোষ সৃষ্টি করেছেন। পাশাপাশি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন বহিরাগতদের ব্যবহার করে সংগঠনের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

এতে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃণমূলের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে তাকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

নেতাকর্মীরা আরও বলেন, কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে অচিরেই সকলকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও বাদল মিয়া, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি খোকা সিদ্দিক এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম বলেন, আমি গণআধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা কমিটির সভাপতি আমাকে তারা কিভাবে অবাঞ্ছিত ঘোষণা করে? মূল সমস্যা হচ্ছে তাদের সাথে আমার অর্থনৈতিক লেনদেনের সমস্যা। যে জায়গায় দশ টাকা খরচ করা লাগে সেই জায়গায় আমার কাছ থেকে তারা এক হাজার টাকা দাবি করে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এর অভিযোগ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন