Logo
Logo
×

সারাদেশ

মিডিয়াকে এখনই পক্ষ না নেওয়ার আহ্বান আখতার হোসেনের

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

মিডিয়াকে এখনই পক্ষ না নেওয়ার আহ্বান আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ আসনে ১১ দলের সমর্থিত শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, দেশের গণমাধ্যমের একটি বড় অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের দিকে ঝুঁকে পড়েছে। এখনই কোনো এক পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ কাকে ক্ষমতায় আনবে তা পরে স্পষ্ট হবে, আর তখন পক্ষ বদলালে জনগণ তা গ্রহণ করবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলা সদরের বালিকা বিদ্যালয় মাঠে শাপলা কলি প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, অতীতেও কিছু গণমাধ্যম অযথা একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানেও মিডিয়ার একটি বড় অংশ একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে রয়েছে। তিনি দাবি করেন, গণমাধ্যমের মালিকেরা চাইলে সাংবাদিকদের দিয়ে পক্ষপাতমূলক সংবাদ করাতে পারেন, কিন্তু জনগণ ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তিনি গণমাধ্যম মালিকদের উদ্দেশে বলেন, এখনই কোনো একটি পক্ষে চলে যাবেন না, কারণ জনগণের সিদ্ধান্ত বদলালে তখন অবস্থান পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। এসব সহ্য করেই ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। জুলুম থেকে কিছুটা মুক্তি মিললেও এখনো অনিয়ম, দুর্নীতি ও আধিপত্যবাদ রয়ে গেছে। রাষ্ট্রীয় সংস্কার এবং অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচারও এখনো সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, এসব সংস্কার ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতি ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী, এনসিপি ও খেলাফতসহ ১১টি দল একযোগে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো হবে এবং নেতা ও দালালনির্ভরতা কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

নিজের বয়স নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেকে তাকে ‘চ্যাংড়া ছেলে’ বলে সমালোচনা করেন। তবে ইতিহাসে তরুণরাই বহুবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় রংপুরের তরুণ আবু সাঈদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে। তরুণদের শক্তিতেই রংপুর অঞ্চলসহ দেশকে এগিয়ে নেওয়া হবে এবং বৈষম্য দূর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কোটি টাকা খরচ করে নির্বাচন করার সামর্থ্য তার নেই এবং সেটি উচিতও নয়। কোটি টাকার নির্বাচনই দেশকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে দাবি করে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এই নির্বাচন পার হতে চান। নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।

নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াতের রংপুর মহানগর আমির অধ্যাপক এ টি এম আজম খানসহ এনসিপি ও জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন