নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুটি বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া হত্যাকাণ্ডের এক দিনের মাথায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে আরেক গৃহবধুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের বীরগাও সাতপাড়া এলাকার রয়েস আলীর স্ত্রী।
অপর দিকে বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মেঘনা নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহবায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। বিরোধের ধারাবাহিকতায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে (১৮ সেপ্টেম্বর) গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে বিএনপির এক কর্মী নিহত হয়। এঘটনায় দুই পক্ষের আরো অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ চলাকালে কাইয়ুম গ্রুপের হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক সাতপাড়া এলাকার রয়েস আলীর বাড়ীর উঠানে তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৩৫) কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হামলার ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য এর আগে গতকাল আলোকবালীতে বিবাদমান বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নামে বিএনপির এক কর্মী নিহত হয়। এঘটনায় দুই পক্ষের আরো অন্তত ৫ জন আহত হয়। এঘটনায় সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত হয়।সংবাদে বহিস্কৃত সদস্য সচিব কাইয়ুমের নাম উল্লেখ নিয়ে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় কাইয়ুমের সমর্থক সন্ত্রাসীরা। এসময় বিভিন্ন লাঠিসোটা দিয়ে উপুর্যপরি আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত যখম হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। এতে অন্যান্য সংবাদকর্মীরাও লঠির আঘাতে আহত হয়।
অপরদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়নের পলএলাকায় দাম্পত্য কলহকে কেন্দ্র করে স্বামী মানিক মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিউলি আক্তারের সঙ্গে মানিক মিয়ার পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক মিয়া তার স্ত্রী শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিউলি আক্তার হত্যাকান্ডের ঘটনায় স্বামী মানিক মিয়াকে আটক করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



