চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ দগ্ধ ১০
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈলতলি ইউনুস মার্কেটে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস জানায়, দোকান মালিক মাহবুবুর রহমানের দোকানে সিলিন্ডার আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ আগুন ধরে গিয়ে সিলিন্ডার বিস্ফোরিত হলে উপস্থিত ১০ জন আগুনে দগ্ধ হন।
দগ্ধরা হলেন— দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।



