বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও কলেজপড়ুয়া ছেলে ইমরান হোসেন (১৮)। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিহতের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুর্তৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্বজনরা জানালা দিয়ে নিহত রানী ও তার ছেলে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
স্বজনদের অভিযোগ, নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা লুট করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।



