বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একটি সুতা তৈরির কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় চীনা মালিকানাধীন শিনইউয়েন (বুলবুল নিট) কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব পথে চলাচলকারী হাজারো মানুষ।
শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন পাননি তারা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। চীনা মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে কারখানায় অনুপস্থিত থাকায় শ্রমিকদের পাওনা বেতন আটকে আছে।
নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, আমাদের আর কিছু লাগবে না, শুধু বকেয়া বেতনটা চাই। না খেয়ে থাকতে হচ্ছে।
আরেক শ্রমিক সুরুজ মিয়া বলেন, বেতন না পেলে ঘর ভাড়া দিতে পারব না, মালিক ঘর থেকে বের করে দেবে। স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় থাকতে হবে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।



