‘জাতীয় পার্টির ছত্রছায়ায় মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিবাদ’- ব্যারিস্টার অপু
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু বলেছেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। পতিত স্বৈরশাসক বিভিন্নভাবে উঁকি-ঝুঁকি দিয়ে আবার ফিরে আসতে চায়। বিশেষ করে জাতীয় পার্টির মাধ্যমে দেশে পুরনো ফ্যাসিবাদের আবির্ভাব ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিয়াদৌলত ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উঠান বৈঠক স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নাসের খান অপু বলেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী করার পেছনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমানে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিমে পরিণত হয়েছে। এ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না করা হলে আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ ও রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠবে। তখন বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ব্যারিস্টার নাসের খান অপু বিএনপির একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ। তিনি অতীতে ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ভবিষ্যতেও দলের জন্য নিবেদিত থাকবেন।
এ ধরনের উঠান বৈঠক ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল আরও চাঙা হচ্ছে বলে মত দেন অনেকেই।



