১৮ বগি ফেলে চলে গেল পর্যটক এক্সপ্রেস
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
চট্টগ্রামের পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাফার হুক ভেঙে ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বগিগুলো পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় স্থির হয়ে পড়ে, আর মূল ট্রেনটি চলে যায় চট্টগ্রামের দিকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
ওই ট্রেনে প্রায় ৯০০ যাত্রী ছিলেন। পরে গভীর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল জানান, চন্দনাইশের দোহাজারী অতিক্রম করে পটিয়ায় প্রবেশের সময় ইঞ্জিনের বাফার হুক ভেঙে যায়। এ সময় বগিগুলো থেমে থাকলেও মূল ট্রেন চট্টগ্রামের দিকে এগিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ের নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হয়।
পূর্বাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ট্রেনটি উদ্ধারকারী ইঞ্জিনের মাধ্যমে চট্টগ্রামে আনা হবে। পরে তা ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসেও একই ধরনের দুর্ঘটনা ঘটে। তখন গার্ড ব্রেক বগির হুক ভেঙে বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।



