রাস্তা বন্ধ করে যাতায়াতের অভিযোগে গাজীপুর পুলিশ কমিশনার প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম
ছবি : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিয়মিত ঢাকা থেকে গাজীপুর অফিসে যাতায়াতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি একটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপনের পর কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা ড. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরবর্তীতে পুনরায় চাকরিতে ফিরে এসে ডিআইজি পদে পদোন্নতি পান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান।
পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে তিনি দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করবেন।



