নুরের ওপর হামলার প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ সমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম
ডাকসুর সাবেক ভিপি ও বর্তমানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলা গণঅধিকার পরিষদ ও জুলাই মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- ভিপি নুর একজন সম্মুখসারির জুলাই যোদ্ধা। তাঁর উপর এই আক্রমন বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত। কাপুরুষোচিত এই হামলা শুধু একজন ভিপি নুরের উপর নয়, এটা সমগ্র জুলাই আন্দোলনের যোদ্ধাদের উপর হামলা। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।
গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, জামায়াত ইসলামী নেতা মো: মিজানুর রহমান মান্না,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সহ-সভাপতি মাও,শরিফুল ইসলাম, খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মাও,ওমর ফারুক, জাতীয়তাবাদী মৎস্যজীবী আন্দোলনের উপজেলা আহবায়ক মো: জামাল উদ্দিন আবগানি, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ফারাবি ইসলাম ও জুলাই মঞ্চের উপজেলা আহবায়ক মো: মাইন উদ্দিন সামির।
জেএসডির সভপতি অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, লাঠি, গুলি, টিয়ারশেল, কামান, বন্দুক ও ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের সংগ্রামী জনগণ জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় করেছে। যখন দেশ একটা নির্বাচনের দিকে এগুচ্ছে, সংস্কারের মাধ্যমে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সেই মুহূর্তে ভিপি নুরের উপর আক্রমণ বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য নূরের ওপর এই হামলা কিনা এটা আমাদের নতুন করে চিন্তা করতে হবে।
তিনি বলেন, এই হামলা আমরা রুখবো। যেভাবে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি সেভাবে আমরা নতুন এই ফ্যাসিবাদকে বিতাড়িত করবো।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলন না হলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। তাই আপনার কাছে জানতে চাই, আপনার পুলিশ কিভাবে নূরের ওপর আক্রমণ করলো? এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে ভিপি নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান।
তিনি বলেন,জুলাই এখনো অব্যাহত,সংগ্রাম এখনো অব্যাহত। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। জুলাইয়ের সৈনিকরা তাই রাজপথে থাকবে,যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে সম্পুর্ন বিজয় অর্জিত না হয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব সার্জেন্ট সোলায়মান চৌধুরী সহ উপজেলা গণ অধিকার পরিষদ,যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।



