লয়েডস লিস্টে এক ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিং সংবাদমাধ্যম লয়েডস লিস্টের সর্বশেষ প্রকাশিত তালিকায় দেশের প্রধান সমুদ্রবন্দরটির অবস্থান এখন ৬৮তম।
তালিকায় শীর্ষ পাঁচটির চারটিই চীনের বন্দর। এর মধ্যে সবার ওপরে রয়েছে সাংহাই, যেখানে ২০২৪ সালে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর। ভারতের মুন্দ্রা ও জহরলাল নেহেরু বন্দরও এবার আগের অবস্থান হারিয়েছে।
লয়েডস লিস্ট জানায়, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের (২০২৩) ৩০ লাখ ৫০ হাজারের চেয়ে ৭ দশমিক ৩৭ শতাংশ বেশি। এ কার্যক্রম পরিচালিত হয়েছে চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে। তবে কনটেইনার পরিবহন বেড়েও বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে বন্দরটি।
প্রতিবছর লয়েডস লিস্ট বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে, যেখানে কেবলমাত্র কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণকে বিবেচনা করা হয়। অন্য কোনো সূচক এ ক্ষেত্রে ধরা হয় না।
গত এক দশকে চট্টগ্রাম বন্দরের সেরা অবস্থান ছিল ২০১৯ সালে, যখন তালিকায় বন্দরটি ছিল ৫৮তম স্থানে।



