সেনাবাহিনীর একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। ছবি : সংগৃহীত
রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আট সেনা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে টহল দিচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে আট সেনা সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে আট সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



