Logo
Logo
×

সারাদেশ

সরকারের পক্ষ থেকে চাপ এলে পদত্যাগ করব: সিইসি

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:১৮ পিএম

সরকারের পক্ষ থেকে চাপ এলে পদত্যাগ করব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ফটো

সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। আমরা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে চাই। আগের মতো সরকারের কাছ থেকে কিছু চাইতে হয়নি। তবে যেদিন সরকার চাইবে নিজের মতো করে কাজ করতে, সেদিন আমি আর এই চেয়ারে থাকবো না।

সিইসি জানান, আগের নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের রাখা হবে না। নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তার মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ শেষ হয়েছে, কেনাকাটা এগিয়ে চলছে, নির্বাচনী সীমানার খসড়াও প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে সীমানা সংক্রান্ত শুনানি শুরু হবে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ফেব্রুয়ারিতে রমজানের আগে ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।

নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। যদি আইন পরিবর্তন হয়, তখন সে অনুযায়ী হবে।

তিনি আরও জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল বা সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তার ভাষায়,

যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রবাজি করে ভোট জেতার সুযোগ নেই। ভোটকেন্দ্র দখল হলে পুরো ভোট বাতিল করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন